মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের ফুটবল ক্লাব বিডিএফসি মালয়েশিয়া কুয়ালালামপুরে ইফতার মাহফিলের আয়োজন করেছে। মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় সউকিটের অসটো হোটেলের হলরুমে প্রবাসী খেলোয়াড়, পৃষ্ঠপোষক ও ক্রীড়া সংগঠকদের সম্মানে এ আয়োজন হয়।

ক্লাবের সভাপতি হাজী আব্দুল মবিন ভূঁইয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মো. সাইফুদ্দিন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন হাইকমিশনের প্রথম সচিব (প্রেস) মো. তরিকুল ইসলাম।

বক্তব্যে তরিকুল ইসলাম জানান, রোজার সঙ্গে খেলাধুলার সম্পর্ক কী, অনুষ্ঠানে বসে তিনি তা-ই ভাবছিলেন; পরে তার মনে হয়েছে, রোজার মতো খেলাধুলাও শরীর ও মন ভালো রাখে। মালয়েশিয়ায় বাংলাদেশিদের ফুটবল ক্লাব গড়ায় তিনি সংগঠক ও খেলোয়াড়দের প্রশংসা করেন।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন জাতীয়তাবাদী যুবদল মালয়েশিয়া শাখার সভাপতি মো. জসিম উদ্দিন। আলোচনায় অংশ নেন ক্লাবের প্রতিষ্ঠাতা মো. ইকবাল হোসেন, সিনিয়র সহসভাপতি মো. রাফিজ রহমান রাসেল, জহিরুল ইসলাম হিরন (বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব মালয়েশিয়ার সাধারণ সম্পাদক) ও সাদেক উল্লাহ (চট্টগ্রাম সমিতি মালয়েশিয়ার সাধারণ সম্পাদক)সহ অনেকে।

আলোচনা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইসলামি বক্তা মাওলানা আবদুল মোস্তফা রহিম আজহারি।