প্রবাসীদের রেমিট্যান্স ‘শাটডাউন’ স্বৈরাচারের পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল বলে মন্তব্য করেছেন মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন। শনিবার (৪ এপ্রিল) কুয়ালালামপুরের একটি পাঁচতারকা হোটেলে মালয়েশিয়া যুবদলের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নয়ন এ কথা বলেন। সংগঠনটির নতুন কমিটি গঠন উপলক্ষে সভার আয়োজন করা হয়।

মালয়েশিয়া যুবদলের সভাপতি মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. রমজান আলী।

নয়ন বলেন, প্রবাসে যারা রাজনীতি করেন, তাদের ব্যক্তিগত চাওয়া-পাওয়া নেই; দেশের ভালোই তাদের লক্ষ্য। কষ্টের উপার্জন খরচ করে রাজনীতি করায় প্রবাসী নেতাকর্মীদের ধন্যবাদ জানান তিনি। যুবদলে ‘কর্মী’ বলে কেউ নেই, সবাই ত্যাগী নেতা—এমন মন্তব্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে দেশবিরোধী অপপ্রচার ঠেকাতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

অন্য বক্তারা দাবি করেন, পোস্টাল ভোটের সুযোগ পাওয়ায় প্রবাসীরা এখন আর উপেক্ষিত নন এবং বিএনপি সরকারই প্রবাসীবান্ধব। জনশক্তি রপ্তানির সূচনা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে হয়েছিল উল্লেখ করে তারা আশা করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রবাসীদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালু করবেন।

কয়েকজন বক্তা ক্ষোভ জানিয়ে বলেন, গণ-অভ্যুত্থানের পরও যুবদলের ত্যাগী নেতাকর্মীরা অবহেলিত। ১৭ বছর নির্যাতন-মামলা সয়ে, এমনকি প্রবাসে পাসপোর্ট হারিয়েও যারা লড়াই করেছেন, তাদের যথাযথ মূল্যায়ন দাবি করেন তারা।

সভায় মালয়েশিয়া যুবদলের ওয়েবসাইট ও ফেসবুক পেজ চালু করা হয় এবং প্রধান অতিথির হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। মালয়েশিয়া বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা ড. অলিউল্লাহ জাহিদ, মাহবুব আলম শাহ, দাতো আব্দুল জলিল, ড. এস এম রহমান তনু প্রমুখ বক্তব্য দেন।