কুয়ালালামপুরে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে এক বাংলাদেশি যুবককে চাপা দিয়ে মারার অভিযোগে এক সেনা কর্মকর্তা গ্রেপ্তার হয়েছেন। বারনামার খবরে বলা হয়, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ভোর পৌনে ৬টায় এমইএক্স হাইওয়েতে সালাক সেলাতান থেকে জালান তুন রাজাকমুখী পথে এ দুর্ঘটনা ঘটে।

প্রাথমিক তদন্তের তথ্য, ৩১ বছর বয়সী ওই কর্মকর্তা ফোর্ড ফিয়েস্তা নিয়ে উল্টো পথে ঢুকে ই-হেইলিং সেবার একটি পেরোদুয়া আলজা এমপিভিকে ধাক্কা দেন। কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেরা দুই বাংলাদেশির মধ্যে মাঝের সারিতে বসা ২২ বছরের যুবক ঘটনাস্থলেই মারা যান, তাঁর পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।

পুলিশ জানায়, আহত হয়েছেন সেনা কর্মকর্তা নিজে এবং তাঁর গাড়িতে থাকা এক স্থানীয় নারী (৩৬)। অ্যালকোহল পরীক্ষায় তাঁর মাত্রাতিরিক্ত মদ্যপানের প্রমাণ মেলায় ১৯৮৭ সালের সড়ক পরিবহন আইনের ৪৪ (১) ধারায় মামলা করে তাঁকে গ্রেপ্তার করা হয়।