বৈধ কাগজপত্র ছাড়া মালয়েশিয়ায় থাকা অভিবাসী কর্মীদের দেশে ফেরার কর্মসূচি ‘মাইগ্রেন্ট রিপ্যাট্রিয়েশন প্রোগ্রাম ২.০’-এর মেয়াদ এক বছর বেড়ে ৩১ মে ২০২৭ পর্যন্ত গড়াল। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দেশটির অভিবাসন বিভাগ এক বিবৃতিতে এ কথা জানায়।

২০২৫ সালের ১৯ মে চালু হওয়া কর্মসূচিটিকে ব্যাপক সফল বলছেন ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক জাকারিয়া বিন শাবান। তাঁর হিসাবে, ২৯ এপ্রিল পর্যন্ত ১১২টি দেশের ২ লাখ ৫৪ হাজার ১৮৬ জন অভিবাসী এ সুযোগে ফিরেছেন, তাতে সরকারের আয় প্রায় ১২৭ মিলিয়ন রিঙ্গিত।

কোনো বিচারিক প্রক্রিয়া ছাড়াই শর্তসাপেক্ষে ফেরা যাবে। বৈধ পাস বা পারমিট ছাড়া থাকা কিংবা ভিসার মেয়াদ পেরোনোয় জরিমানা ৫০০ রিঙ্গিত; পাসের শর্ত ভাঙলে ৩০০ রিঙ্গিত জরিমানার সঙ্গে ২০ রিঙ্গিত ফি দিয়ে স্পেশাল পাস নিতে হবে।

সংশ্লিষ্টদের তথ্য, ফেরত যাওয়াদের মধ্যে বাংলাদেশি ১ লাখের বেশি। তাঁদের বড় অংশ ২০২৩-২৪ সালে কলিং ভিসায় গিয়ে কোম্পানির ত্রুটিতে অনিবন্ধিত হন; কাগজপত্র ও কাজের প্রমাণ দিতে না পারায় বহু প্রতিষ্ঠান কালো তালিকায় ওঠায় বিপাকে পড়েন কর্মীরা।

তবে বৈধতার আশায় থেকে যাওয়া অনেক অনিবন্ধিত বাংলাদেশি মেয়াদ বাড়ার খবরে হতাশ, তাঁদের অনেকে ইমিগ্রেশনের চোখ এড়িয়ে গোপনে দিন কাটাচ্ছেন। ভ্রমণ ভিসায় এসে মেয়াদ শেষে না ফিরে কাজে জড়িয়ে পড়াদের মধ্যে বাংলাদেশির সংখ্যা বেশি হওয়ায় প্রকৃত ভ্রমণকারীরাও এখন ভিসা পেতে কড়া যাচাইয়ের মুখে পড়ছেন।