মালয়েশিয়ায় বসবাসরত শিক্ষার্থী, প্রবাসী ও পেশাজীবীদের দেশের সংস্কৃতির সঙ্গে যুক্ত রাখতে কুয়ালালামপুরে হয়ে গেল ‘বাংলাদেশ উৎসব ২০২৬— পাওয়ার্ড বাই ইস্টেল’। রোববার (১০ মে) হোটেল জি-টাওয়ারের হলরুমে বাংলাদেশি ইয়ুথ অ্যালায়েন্স মালয়েশিয়া এ আয়োজন করে।

নানা পেশার প্রায় ৪ শতাধিক মানুষের উপস্থিতিতে বলরুমটি যেন একখণ্ড বাংলাদেশ হয়ে ওঠে। কবিতা, গান, নাচ আর দেশি খাবার ও পণ্যের স্টলে মালয়েশিয়ায় বেড়ে ওঠা নতুন প্রজন্ম পরিচিত হয় দেশের খাবার, পোশাক ও সংস্কৃতির সঙ্গে।

সংগঠনের সেন্ট্রাল প্রেসিডেন্ট বশির ইবনে জাফর সভাপতিত্ব করেন। প্রধান অতিথি এমডি ফিরোজ রাব্বানী, বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়ার কাউন্সিলর (কনসুল্যার), তরুণদের উদ্যোগের প্রশংসা করে দেশীয় সংস্কৃতির চর্চা অব্যাহত রাখার পরামর্শ দেন।

ইভেন্ট ডিরেক্টর মুশফিকুর রহমানের মতে, এমন আয়োজন প্রবাসে দেশীয় সংস্কৃতি ধরে রাখছে, নানা পেশার মানুষকে এক করছে এবং বিদেশে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম রতন, মালয়েশিয়া বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান, কমিউনিটি নেতা মাহবুব আলম শাহ, বাংলাদেশ হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি (রাজনৈতিক) ফাল্গুনি বাগচি, ইয়ুথ হাবের সহপ্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট এবং বিয়াম উপদেষ্টা পাভেল সারওয়ার, ইজ্জান গ্লোবালের ম্যানেজিং ডিরেক্টর ও বিয়াম উপদেষ্টা এমডি তোফায়েল আহমেদ, প্রফেসর ড. জিয়াউল করিম, ইউসিএসআই ইউনিভার্সিটির প্রভাষক ড. মারলিও প্রিয়া এবং হেড অব ডিপার্টমেন্ট শারমিলা লক্ষ্মীসহ অনেকে। শেষ পর্বে নাচে-গানে মেতে ওঠেন প্রবাসীরা।