মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। ঢাকা-৮ আসনের এই সংসদ সদস্যের স্ত্রী আফরোজা আব্বাস ও দায়িত্বরত চিকিৎসকেরা জানান, দীর্ঘ চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণের পর তিনি সেরে উঠছেন।

শনিবার (১৬ মে) সন্ধ্যায় কুয়ালালামপুরের প্রিন্সকোর্ট মেডিকেল সেন্টার হাসপাতালে প্রবাসী সাংবাদিকেরা তার সঙ্গে দেখা করেন। চিকিৎসকেরা জানান, বিশেষ পর্যবেক্ষণে থাকা মির্জা আব্বাসের অবস্থা বিভিন্ন পরীক্ষার পর আগের চেয়ে অনেক স্থিতিশীল।

আফরোজা আব্বাস বলেন, চিকিৎসকদের পরামর্শে তিনি পর্যাপ্ত বিশ্রাম ও পুনর্বাসন চিকিৎসায় আছেন এবং চিকিৎসক দল তার অগ্রগতিতে সন্তুষ্ট। প্রতিদিন কিছু সময় হুইলচেয়ারে হাসপাতালের নিচে ঘোরেন তিনি, দেখতে আসা প্রবাসী শুভানুধ্যায়ী ও নেতাকর্মীদের সঙ্গে কথাও বলছেন।

মালয়েশিয়া বিএনপির নেতাকর্মীরা নিয়মিত তার খোঁজ রাখছেন। সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন জাসাস মালয়েশিয়ার আহ্বায়ক শেখ আসাদুজ্জামান মাসুম, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মালয়েশিয়া শাখার সভাপতি জসিমউদদীন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হেলাল শিকদার, জালাল উদ্দিন, সোহেল আহমেদ, ইমরান আহমেদ ও ফয়সালসহ প্রবাসী সাংবাদিকেরা।