মালয়েশিয়ায় বুধবার (২৭ মে) পালিত হয়েছে ঈদুল আজহা। কুয়ালালামপুরের হাংতুয়া মসজিদে স্থানীয় সময় সকাল ৮টায় প্রথম জামাতে স্থানীয়দের সঙ্গে নামাজ পড়েন হাজার হাজার প্রবাসী বাংলাদেশি।
নামাজ শেষে নানা দেশের প্রবাসী ও স্থানীয়রা শুভেচ্ছা বিনিময় করেন। দেশটির রাজা ও প্রধানমন্ত্রী সকাল ৮টায় জাতীয় মসজিদে ঈদের নামাজ পড়েন।
অনেকে এক দিনের ছুটি পেলেও বহু প্রবাসী ছুটি পেয়েছেন কেবল নামাজের জন্য, জামাত শেষেই ফিরতে হয়েছে কাজে। স্থানীয় রীতিতে কোরবানির মাংস মসজিদ থেকে বণ্টন হয় বলে অনেকে মাংস নিতে মসজিদে যান।
মালয়েশিয়ায় প্রায় ১৫ লাখ বাংলাদেশি থাকেন, স্থানীয় নারীকে বিয়ে করে স্থায়ী হয়েছেন অনেকে।




