মালয়েশিয়ায় অ্যারোফোম নামের একটি প্রতিষ্ঠানে কাজ করা ১০৭ বাংলাদেশি শ্রমিক টানা চার মাস বেতন পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন। তাদের দাবি, মজুরি বকেয়া থাকায় খাবার, বাসাভাড়া আর দৈনন্দিন খরচ মেটাতে গিয়ে অনেকে চরম বিপাকে। প্রতিকার চেয়ে তারা দেশটির শ্রম বিভাগে গেছেন।
শুক্রবার (২৬ জুন) পোর্ট ক্লাং শ্রম বিভাগে অভিযোগের শুনানিতে প্রায় ৭০ জন শ্রমিক হাজির ছিলেন। এর আগে ১০৭ জন মিলে আইনজীবী লতিফা কোয়াকে তাদের পক্ষে আইনি লড়াইয়ের দায়িত্ব দেন।
শুনানির শুরুতে দুই পক্ষের মধ্যে সমঝোতার চেষ্টা হয়। কিন্তু নিয়োগকর্তার প্রতিনিধিরা জানান, নিষ্পত্তির সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার তাদের নেই, তাই নতুন করে মধ্যস্থতার তারিখ চান তারা। শ্রমিকদের আইনজীবী অবশ্য দেরি না করে সরাসরি শুনানিতেই মীমাংসার দাবি তোলেন।
শেষে মামলার পরবর্তী শুনানি ঠিক হয় ২০২৬ সালের ১৪ সেপ্টেম্বর। এতে ক্ষুব্ধ ও হতাশ শ্রমিকেরা বলছেন, চার মাস বেতন ছাড়া চলার পর আরও প্রায় তিন মাসের অপেক্ষা তাদের কষ্ট বাড়াবে। তাদের অভিযোগ, অনেকে ধারদেনায় ডুবে গেছেন, কেউ খাবার কেনার টাকা জোগাতে পারছেন না, কেউ ভাড়া দিতে না পেরে বাসা ছাড়ার শঙ্কায় আছেন।




