মালয়েশিয়ায় অভিবাসন আইন ভঙ্গের অভিযোগে ৫০৩ বিদেশিকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ, যাদের মধ্যে ২৯০ জনই বাংলাদেশি। অবৈধ অভিবাসীদের উপস্থিতি বেশি এমন ২০০টির বেশি ‘হটস্পট’ও চিহ্নিত করেছে কর্তৃপক্ষ।

সোমবার (১৩ জুলাই) কুয়ালালামপুরের জালান কেনাঙ্গায় অভিযান চালানোর পর সাংবাদিকদের এসব তথ্য দেন ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান।

রোববার (১২ জুলাই) শুরু হওয়া ‘অপস মেগা’ অভিযানে ইমিগ্রেশন বিভাগের সঙ্গে রয়্যাল মালয়েশিয়া পুলিশ, জাতীয় নিবন্ধন বিভাগ, স্থানীয় কর্তৃপক্ষ এবং অভ্যন্তরীণ বাণিজ্য ও জীবনযাত্রার ব্যয় মন্ত্রণালয় মিলিয়ে ৮৭৬ জন সদস্য অংশ নেন। নিয়োগকর্তাসহ ২ হাজার ২৬০ জনের কাগজপত্র পরীক্ষা করা হয়।

আটক ৫০৩ জনের মধ্যে পুরুষ ৪০৮ ও নারী ৯৫ জন। অন্যদের মধ্যে মিয়ানমারের ১০১, ইন্দোনেশিয়ার ৬৬, নেপালের ৩৮, ভারতের ৩৬ এবং অন্য কয়েকটি দেশের ১০ জন আটক হয়েছেন। আর ১২০ জনকে তদন্তে সাক্ষী হিসেবে সহায়তা করতে ফর্ম-২৯ নোটিশ ধরিয়ে দেওয়া হয়েছে।

মহাপরিচালক জাকারিয়া জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে বৈধ কাগজ ছাড়া অবস্থান, অনুমোদিত মেয়াদের বেশি থাকা, ওয়ার্ক পাসের শর্ত ভাঙা ও অস্বীকৃত পরিচয়পত্র রাখার অভিযোগ রয়েছে; এর মধ্যে মেয়াদোত্তীর্ণ অবস্থান ও কর্মপাসের শর্ত লঙ্ঘনই বেশি। নির্মাণ খাতের ওয়ার্ক পাসধারী অনেককে কাপড় বা পোশাকের দোকানে কাজ করতে পাওয়া গেছে বলে জানান তিনি।

এদিকে চলতি বছর ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত অভিবাসন আইন ভঙ্গের দায়ে ৮০১ বিদেশির বিরুদ্ধে ৮৪৫টি অভিযোগ দায়ের হয়েছে বলে জানিয়েছেন কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগের পরিচালক হামশা ইনজাউ।