মানব পাচার ও অভিবাসী চোরাচালান ঠেকাতে সহযোগিতা বাড়াতে মালয়েশিয়া সরকারের মানব পাচার দমনসংক্রান্ত দপ্তরের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ হাইকমিশন। গত ১৬ জুলাইয়ের বৈঠকে ডেপুটি হাইকমিশনার মিজ শাহানারা মনিকা ও দপ্তরটির পরিচালক আসান বিন লাদজানি নিজ নিজ দলের নেতৃত্ব দেন।
সব স্তরে সহযোগিতা বাড়ানো নিয়ে গঠনমূলক আলোচনার পর পাচারের শিকার ব্যক্তিদের, বিশেষত নারীদের উদ্ধার, আশ্রয় ও প্রত্যাবাসন এবং আইনি প্রক্রিয়া জোরদারে একসঙ্গে কাজের সিদ্ধান্ত হয়। সচেতনতা বাড়াতে যৌথ কর্মসূচির বিষয়েও কথা হয়।
দূতাবাসের কর্মকর্তারা মনে করেন, ভ্রমণ ভিসার অপব্যবহার ও নারীদের প্রলোভন দেখিয়ে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় নিয়মিত পাচার চলছে এবং দালাল চক্রের তৎপরতা বাড়ছে; নারী পাচার নিয়ে তারা বিশেষ উদ্বেগ জানান।
দুই দেশের বাণিজ্যিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার বিষয়ে একমত হয়ে বৈঠক শেষ হয়। উল্লেখ্য, ৩০ জুন অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিশ্ব মানব পাচার দিবস পালিত হয়েছে।




