মালয়েশিয়ার পোর্ট ডিকসনে নিজেদের মধ্যে সংঘর্ষে তিন বাংলাদেশি সহকর্মীর মৃত্যু হয়েছে, গুরুতর আহত আরও একজন। পুলিশ জানায়, নেগেরি সেম্বিলানের তামান লিঙ্গি এলাকার একটি বাসায় স্থানীয় সময় সোমবার (৩ আগস্ট) বিকেলে ঘটনাটি ঘটে।
নেগেরি সেম্বিলান পুলিশের প্রধান আলজাফনি আহমাদকে উদ্ধৃত করে মালয়েশিয়ার দ্য নিউ স্ট্রেট টাইমস জানায়, সন্দেহভাজন হিসেবে ৪০-এর কোঠার বয়সী এক বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। বিকেল ৪টার দিকে স্থানীয়দের কাছে খবর পেয়ে লিঙ্গি থানার একটি দল গিয়ে তাঁকে ধরে।
তদন্তে নেমে লিঙ্গির সুয়া মাঙ্গিস এস্টেট এলাকায় আরও দুটি লাশ পায় পুলিশ। পুলিশপ্রধানের ভাষ্য, তিনজনের শরীরেই নানা জায়গায় গুরুতর জখম ছিল এবং তাঁদের মৃত ঘোষণা করা হয়েছে; আহত ব্যক্তি রেমবাউ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
পুলিশ জানায়, জড়িতরা সবাই সহকর্মী, একই বাসায় থাকতেন ও কাজ করতেন। সংঘর্ষ একাধিক স্থানে হয়ে থাকতে পারে; কীভাবে এর সূত্রপাত, তা খতিয়ে দেখা হচ্ছে।
আলজাফনির তথ্যমতে, গ্রেপ্তার ব্যক্তির পুরোনো কোনো অপরাধের রেকর্ড পাওয়া যায়নি; মঙ্গলবার (৪ আগস্ট) পোর্ট ডিকসন ম্যাজিস্ট্রেট আদালতে তাঁর রিমান্ড চাওয়ার কথা। দণ্ডবিধির ৩০২ ধারায় হত্যা হিসেবে তদন্ত চলছে, তবে উদ্দেশ্য এখনো স্পষ্ট নয়।




