কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন বুধবার (৫ আগস্ট) ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালন করেছে। বিকেলে হাইকমিশনের হলরুমের অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ও মিশনের কর্মকর্তা-কর্মচারীরা যোগ দেন।

কোরআন তিলাওয়াতের পর রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পড়া হয়। দেখানো হয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের তৈরি দুটি প্রামাণ্যচিত্র, ‘জুলাইয়ের চিঠি’ ও ‘ছাদ আকাশের গল্প’।

হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী আলোচনায় শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। তাঁর ভাষায়, এ অভ্যুত্থান ন্যায়বিচার, গণতন্ত্র ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠার যুগান্তকারী অধ্যায় এবং দীর্ঘ আন্দোলনের পথ ধরে গণতন্ত্রকামী মানুষের জমা ক্ষোভের বিস্ফোরণ। সে সময়ের অভূতপূর্ব জাতীয় ঐক্য ধরে রাখার তাগিদ দেন তিনি।

উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান (মালয়েশিয়া ইউনিট বিএনপির সভাপতি), একই ইউনিটের সহ-সভাপতি তালহা মাহমুদ মো. জসিম উদ্দিন এবং জামায়াতে ইসলামীর মালয়েশিয়া শাখার কো-অর্ডিনেটর মো. ইউসুফ আলীসহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা। পরে সানওয়ে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী গান গেয়ে শোনান; শহীদদের মাগফিরাত ও আহতদের আরোগ্য কামনায় দোয়ার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।