দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা বাড়াতে মালয়েশিয়ার উপ-অর্থমন্ত্রী লিউ চিন টংয়ের সঙ্গে বৈঠক করেছেন দেশটিতে বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী। মালয়েশিয়ার অর্থ মন্ত্রণালয়ে শুক্রবার (৭ আগস্ট) স্থানীয় সময় দুপুরে অনুষ্ঠিত বৈঠকটি ফলপ্রসূ হয়েছে বলে জানানো হয়েছে।

আলোচনার কেন্দ্রে ছিল প্রস্তাবিত বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ)। এর পাশাপাশি উভয় দেশের কেন্দ্রীয় ব্যাংকের প্রাতিষ্ঠানিক সহযোগিতা, ইসলামী অর্থায়ন, অর্থপাচার ঠেকানো এবং পাচার হওয়া সম্পদ ফেরত আনার বিষয়ও ওঠে।

মালয়েশিয়া থেকে দেশে ফেরা বাংলাদেশি শ্রমিকেরা যাতে সেখানকার ব্যাংকে রাখা আমানত সহজে তুলতে পারেন, সে বিষয়েও কথা হয়। হালাল শিল্পে অর্থায়ন, নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ, বাংলাদেশের প্রস্তাবিত ফান্ডে মালয়েশিয়ার কৌশলগত বিনিয়োগ এবং দেশটির রাষ্ট্রীয় তহবিল খাজানাহর সঙ্গে সহযোগিতার প্রসঙ্গও আলোচনায় আসে।

দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক বিস্তারের ওপর জোর দিয়ে উভয় পক্ষ পারস্পরিক লাভজনক উদ্যোগের মাধ্যমে অর্থায়ন, বিনিয়োগ ও টেকসই উন্নয়নে সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার আবারও জানায়। উপ-অর্থমন্ত্রী দুই দেশের সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিকে স্বাগত জানিয়ে আলোচিত খাতগুলোতে সহযোগিতা বাড়াতে আগ্রহ প্রকাশ করেন।

মালয়েশিয়ার পক্ষে অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও পররাষ্ট্র মন্ত্রণালয় এবং রয়্যাল মালয়েশিয়ান কাস্টমস বিভাগের প্রতিনিধিরা বৈঠকে ছিলেন। বাংলাদেশ হাইকমিশন থেকে অংশ নেন উপ-হাইকমিশনার, প্রথম সচিব (বাণিজ্য) ও তৃতীয় সচিব (রাজনৈতিক)।