মালয়েশিয়ার পাহাং রাজ্যের প্লাইউড কারখানা মেনটাকাব ভিনিয়ার অ্যান্ড প্লাইউড এসডিএন বিএইচডির প্রায় ২৫০ অভিবাসী শ্রমিক তিন মাসের বেশি সময় ধরে বেতন পাচ্ছেন না। বৃহস্পতিবার (১৩ আগস্ট) থেকে তাদের খাবার দেওয়াও বন্ধ, ফলে বিপাকে শ্রমিক ও তাদের পরিবার।

বাংলাদেশ, মিয়ানমার, ইন্দোনেশিয়া ও নেপালের এসব শ্রমিকের অভিযোগ, চুক্তির শর্ত ভেঙে কোম্পানিটি তিন বছর ধরে তাদের ওপর নির্যাতন চালাচ্ছে। তাদের দাবি, চুক্তিতে আট ঘণ্টা লেখা থাকলেও দিনে ১২ ঘণ্টা পর্যন্ত কাজ করানো হতো, মজুরি ছিল দৈনিক ৬৫ রিঙ্গিত; নিয়মিত সাপ্তাহিক ছুটিও মিলত না।

২৫০ জনের মধ্যে ১২৬ জনই বাংলাদেশি। তাদের পক্ষ থেকে জানানো হয়, মজুরি না পেয়ে এখানে তারা কষ্টে আছেন, আর দেশে পরিবারগুলো ঋণের কিস্তি শোধে হিমশিম খাচ্ছে। শ্রমিকদের অভিযোগ, বাংলাদেশিদের মুখপাত্রের দায়িত্বে থাকা একজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না; সহকর্মীদের ধারণা, কোম্পানির লোকজন তাকে লুকিয়ে রেখেছে।

কর্মীরা জানান, কলিং ভিসায় আসতে বেশির ভাগ কর্মীর জনপ্রতি খরচ হয়েছে ১৬ থেকে ১৮ হাজার রিঙ্গিত, বাংলাদেশি মুদ্রায় পৌনে ৫ লাখ থেকে সাড়ে ৫ লাখ টাকার মতো। এর বড় অংশই ব্যাংক ঋণ, জমি বন্ধক বা স্বজনদের কাছে ধার করে জোগাড় করা।

প্রতিষ্ঠানটির বিদেশি বাজারের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, দক্ষিণ আফ্রিকা ও উপসাগরীয় দেশগুলো। বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে বাংলাদেশ দূতাবাস দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস দেয়।