অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় অভিযানে এক দিনে ১ হাজার ১৯৬ বিদেশি কর্মীকে আটক করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ, যাদের মধ্যে বাংলাদেশিরাও রয়েছেন।

স্থানীয় সময় বুধবার (৯ সেপ্টেম্বর) চারটি শিল্পাঞ্চলের ৪০টি কারখানায় একযোগে অভিযান চলে। স্থানীয়দের অভিযোগের পর গোয়েন্দা নজরদারি চালিয়ে করা এ অভিযানে ইমিগ্রেশনের ৭১৫ কর্মকর্তার সঙ্গে জাতীয় নিবন্ধন বিভাগ, রয়েল মালয়েশিয়ান পুলিশ ও সিভিল ডিফেন্স ফোর্সের সদস্যরা অংশ নেন।

২ হাজার ১৫৯ জনের কাগজপত্র যাচাই করে আটক ব্যক্তিদের বিরুদ্ধে বৈধ নথি না থাকা, মেয়াদোত্তীর্ণ ভিসা ও পাসের শর্ত ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। আটক ৯৪৬ পুরুষ ও ২৫০ নারীর বয়স ১৮ থেকে ৬৩ বছর; তারা বাংলাদেশ, নেপাল, ভারত, মিয়ানমার, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার নাগরিক, তবে কোন দেশের কতজন, তা জানানো হয়নি।

কাজ ও আশ্রয় দেওয়ার দায়ে ৩৭ জন নিয়োগকর্তাকে তদন্তসহ আইনি নোটিশ দেওয়া হয়েছে; আটক ব্যক্তিদের তদন্ত ও আইনি প্রক্রিয়ার জন্য ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।

সম্প্রতি ইমিগ্রেশন বিভাগের ভেরিফায়েড ফেসবুক পেজে ভিডিও বার্তায় অনিবন্ধিত কর্মীদের দেশে ফিরতে অনুরোধ করেছেন বাংলাদেশসহ কয়েকটি দেশের দূতাবাসের প্রতিনিধিরা।