মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের কোতারায়া এলাকায় অভিযান চালিয়ে ৪৭২ জনকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ, যাদের ৩৬৪ জনই বাংলাদেশি। ‘মিনি ঢাকা’ ও ‘বাংলা মার্কেট’ নামে পরিচিত এলাকাটি থেকে আটক ব্যক্তিদের মধ্যে পুরুষ ৪৩৯ ও নারী ৩৩ জন।
মালয়েশিয়ার সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, স্থানীয় সময় রোববার (১৩ সেপ্টেম্বর) সাপ্তাহিক ছুটির দিনে সকাল থেকেই এলাকাটিতে প্রবাসীদের ভিড় ছিল। ইমিগ্রেশনসহ বিভিন্ন সরকারি সংস্থার পাঁচ শতাধিক সদস্য পুরো এলাকা ঘিরে আড়াই হাজারের বেশি মানুষকে তল্লাশি করেন।
বাংলাদেশি ছাড়া আটক অন্যরা মিয়ানমার (৫৭), ফিলিপাইন (১৮), নেপাল (৮), পাকিস্তান (৭), ইন্দোনেশিয়া (৭), ভারত (৬), জিম্বাবুয়ে (১) ও সৌদি আরবের (১) নাগরিক।
কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগের ভাষ্য, আটক ব্যক্তিদের বিরুদ্ধে বৈধ পরিচয়পত্র না থাকা, মেয়াদোত্তীর্ণ অবস্থান ও অনুমতি ছাড়া কাজের অভিযোগ রয়েছে। অভিবাসন বিভাগের পরিচালক হামশা ইঞ্জাউ সংবাদমাধ্যমকে জানান, সপ্তাহান্তে বিভিন্ন রাজ্য থেকে প্রচুর বিদেশি কুয়ালালামপুরে আসেন; তল্লাশির পর ৪৭২ জনের বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে তদন্ত ও আইনি প্রক্রিয়ার জন্য তাদের ডিটেনশন ডিপোতে নেওয়া হচ্ছে।
দেশটির অভিবাসন আইনে অবৈধ কর্মীদের পাশাপাশি তাদের কাজ বা আশ্রয় দেওয়া নিয়োগকর্তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থার বিষয়ে বিশেষ সতর্কতা দিয়েছে কর্তৃপক্ষ।




