ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষে প্রচার চালাতে মালদ্বীপ বিএনপির সভাপতি খলিলুর রহমানের নেতৃত্বে প্রবাসী নেতাকর্মীদের একটি দল দেশে এসেছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করে তাঁরা আনুষ্ঠানিক প্রচার শুরু করেন। বিভিন্ন দেশের প্রবাসী বিএনপি নেতাকর্মীরা দেশে এসে প্রচারের পাশাপাশি প্রার্থীদের আর্থিক সহায়তাও দিচ্ছেন।

দলে আছেন সহসভাপতি মো. আলতাফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রবিউল আলম, সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম ও প্রচার সম্পাদক মো. খলিলুর রহমান শাহাজী প্রমুখ।

নেতারা জানান, বিএনপির জয় নিশ্চিত করতে তাঁরা নিজ নিজ নির্বাচনী এলাকায় মাঠে থাকবেন। খলিলুর রহমান বলেন, জনগণের সরাসরি ভোটে বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসবে বলে প্রবাসী নেতাকর্মীরা আশাবাদী।