সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোর সঙ্গে মিল রেখে মালদ্বীপেও একই দিনে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদুল ফিতর উদযাপিত হয়েছে, এতে শামিল হন প্রবাসী বাংলাদেশিরাও। শুক্রবার (২০ মার্চ) সকাল সাড়ে ৭টায় (স্থানীয় সময়) দেশটির বিভিন্ন দ্বীপের মসজিদে একাধিক ঈদের জামাত হয়।
রাজধানী মালেতে সবচেয়ে বড় জামাত হয় মাফানু স্টেডিয়ামে। জাতীয় মসজিদ মসজিদুল আল-সুলতান (গ্র্যান্ড মস্ক) এবং মসজিদুল আল-সালমানেও সকাল সাড়ে ৭টায় নামাজ অনুষ্ঠিত হয়।
প্রবাসী বাংলাদেশিরা দেশীয় ঐতিহ্যের পায়জামা-পাঞ্জাবি পরে দল বেঁধে নূরু মিসকিন, ইব্রাহিম মিসকিন ও হুকুরু মিসকিনসহ বিভিন্ন মসজিদে জামাতে যোগ দেন। ঈদ উপলক্ষে বাংলাদেশি মালিকানাধীন রেস্তোরাঁগুলোতে নানা দেশি খাবারের আয়োজন ছিল; অনেকে দল বেঁধে রাজধানী ও পাশের দ্বীপ হোলেমালে ঘুরে বেড়ান।
মালদ্বীপপ্রবাসী বাংলাদেশিদের ঈদের শুভেচ্ছা জানিয়েছে সেখানকার বাংলাদেশ হাইকমিশন। মালদ্বীপ বিএনপির সভাপতি মো. খলিলুর রহমানসহ বাংলাদেশি কমিউনিটি, ব্যবসায়ী ও চিকিৎসকদের প্রতিনিধি এবং বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারাও শুভেচ্ছা জানান।






