মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে মালদ্বীপের রাজধানী মালেতে জমকালো কূটনৈতিক সংবর্ধনার আয়োজন করে বাংলাদেশ হাইকমিশন। ‘হোটেল জেন মালদ্বীপ মালে বাই শাংরি-লা’-তে অনুষ্ঠানটি হয় বৃহস্পতিবার (৯ এপ্রিল)।
প্রধান অতিথি হিসেবে যোগ দেন মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল্লাহ খালিল। অতিথিদের মধ্যে ছিলেন বিদেশি রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা, সংসদ সদস্য, প্রেসিডেন্ট কার্যালয়ের বৈদেশিক সম্পর্ক বিষয়ক মন্ত্রী, দেশটির স্বাস্থ্য ও সংস্কৃতিমন্ত্রী, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং মালদ্বীপপ্রবাসী বাংলাদেশিরা।
কোরআন তেলাওয়াত ও দুই দেশের জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। স্বাগত বক্তব্যে বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম মুক্তিযুদ্ধের শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানান।
দেশের সাম্প্রতিক আর্থসামাজিক অগ্রগতি তুলে ধরে হাইকমিশনার বলেন, জনগণের প্রত্যাশা পূরণে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করছে; জাতিসংঘ শান্তিরক্ষায় বাংলাদেশের গৌরবময় ভূমিকা ও বিশ্বমঞ্চে বাড়তে থাকা প্রভাবের কথাও বলেন তিনি।
দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বের কথা উল্লেখ করে তিনি বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য ও মানবসম্পদ উন্নয়নের মতো খাতে সহযোগিতা বাড়ানোর আশা জানান। মালদ্বীপের রাষ্ট্রপতি ড. মোহাম্মদ মুইজ্জু এবং পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল্লাহ খালিল সম্প্রতি বাংলাদেশ সফর করেছেন; সেই সফরকে দুই দেশের সম্পর্কের গুরুত্বপূর্ণ মাইলফলক বলেন হাইকমিশনার।
প্রধান অতিথি ড. আব্দুল্লাহ খালিল বাংলাদেশের উন্নয়নযাত্রার উচ্ছ্বসিত প্রশংসা করেন এবং দুই দেশের বন্ধুত্ব আরও মজবুত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
এ ছাড়া দেখানো হয় দুই দেশের সম্পর্ক ও রাষ্ট্রপতি মুইজ্জুর সাম্প্রতিক বাংলাদেশ সফর নিয়ে তৈরি একটি প্রামাণ্যচিত্র এবং বাংলাদেশের পর্যটন সম্ভাবনা, সংস্কৃতি ও অর্থনৈতিক অগ্রগতি নিয়ে ভিডিওচিত্র। কেক কাটা, ছবি তোলা ও র্যাফেল ড্রয়ের পর নৈশভোজে অতিথিরা আন্তরিক পরিবেশে মতবিনিময় করেন।






