হার্ট স্ট্রোকে গুরুতর অসুস্থ মালদ্বীপপ্রবাসী মিনার হোসেনের দেশে ফেরার বিমান টিকিট হস্তান্তর করেছেন সেখানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মোহাম্মদ নাজমুল ইসলাম। ২৪ এপ্রিল ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটে তার দেশে ফেরার কথা।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের তহবিল থেকে টিকিটটি সোমবার (২০ এপ্রিল) হাইকমিশনে দেওয়া হয়। হাইকমিশনার তার দ্রুত সুস্থতা কামনা করেন এবং প্রবাসীদের যেকোনো প্রয়োজনে পাশে থাকা ও তাদের চিকিৎসা আর আইনি অধিকার নিশ্চিতে সর্বোচ্চ চেষ্টার আশ্বাস দেন।

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মিনার হোসেন বিএমইটির ছাড়পত্র নিয়ে দীর্ঘদিন মালদ্বীপে কাজ করছিলেন। সম্প্রতি হঠাৎ হার্ট স্ট্রোকে আক্রান্ত হন তিনি।