মালদ্বীপে অবৈধভাবে থাকা অভিবাসীদের বিরুদ্ধে চলমান ‘অপারেশন কুরাঙ্গি’র তৃতীয় ধাপ শুরু হচ্ছে আগামী ২ মে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইহুসান জানিয়েছেন, এ পর্যায়ে যাঁরা ভিসা ফি পরিশোধ করেননি বা তথ্য জমা দেননি, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়ে নিজ দেশে ফেরত পাঠানো হবে।

সংশ্লিষ্টদের আশঙ্কা, অভিযানের সবচেয়ে বড় ধাক্কা লাগতে পারে প্রবাসী বাংলাদেশিদের গায়ে। কর্মরত অভিবাসীদের তথ্য সংগ্রহে ২০২৪ সালের ২ মে থেকে মালদ্বীপ সরকার যে বিশেষ অভিযান চালাচ্ছে, ‘অপারেশন কুরাঙ্গি’ তার অন্যতম অংশ।

সম্প্রতি রাষ্ট্রপতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অভিযানের আগে বৈধভাবে কাজ করতেন মাত্র ২৮ দশমিক ৯৭ শতাংশ অভিবাসী, বাকিদের সঠিক কোনো তথ্য ছিল না; দুই বছরের অভিযানে এ হার বেড়ে ৬২ শতাংশে দাঁড়িয়েছে। এখনো ২ হাজার ৯৩৩ জন তথ্য দেননি, আগামী এক বছরে তাঁদেরও আইনের আওতায় আনার কথা জানান তিনি।

তৃতীয় ধাপের অভিযান আগের যেকোনো সময়ের চেয়ে কড়া হবে বলে সতর্ক করা হয়েছে। কোনো স্থানীয় প্রভাব বা সুপারিশ আমলে নেওয়া হবে না, একবার ধরা পড়লে ছাড় মিলবে না; তাই দেশটিতে থাকা অভিবাসীদের আইন মেনে চলতে বলা হয়েছে।