মালদ্বীপের থা অ্যাটলের গুরাইধু দ্বীপে মোটরসাইকেল দুর্ঘটনায় রাশেদুল হাসান (২০) নামের এক বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন। সোমবার (২৭ এপ্রিল) দেশটিতে বাংলাদেশ হাইকমিশন খবরটি নিশ্চিত করে। তাঁর বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের রংমহল গ্রামে, বাবা এনামুল হক।

রাশেদুল দ্বীপটির একটি কফিশপে কাজ করতেন। কর্মরত অবস্থায় মোটরসাইকেল দুর্ঘটনার পর তিনি পানিতে পড়ে যান; পুলিশ উদ্ধার করে গুরাইধু হেলথ সেন্টারে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মালদ্বীপ পুলিশ মামলা করে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে।

হাইকমিশন জানায়, স্থানীয় কর্তৃপক্ষ ও পরিবারের সঙ্গে সমন্বয় করে মরদেহ পাঠানোর প্রস্তুতি শেষ হয়েছে; আনুষ্ঠানিকতা সেরে মঙ্গলবার (২৮ এপ্রিল) তা দেশে পাঠানো হবে। হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম শোক প্রকাশ করে পরিবারকে সমবেদনা জানিয়েছেন এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন।