বিশ্বের অন্যান্য দেশের মতো মালদ্বীপেও ১ মে নানা আয়োজনে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে। দেশটিতে ‘লেবার ডে’ নামে পরিচিত দিনটি ঘিরে সরকারি-বেসরকারি পর্যায়ে ছিল নানা কর্মসূচি ও উৎসবের আমেজ।
দিনটিতে মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশন প্রবাসী শ্রমিকদের শুভেচ্ছা জানিয়ে সংহতি প্রকাশ করেছে, সঙ্গে তাদের অধিকার ও কল্যাণে কাজ করার অঙ্গীকারও নতুন করে জানিয়েছে।
মিশনের হেড অব চ্যান্সারি সৈয়দ আমজাদ আলীর ভাষ্য, শ্রমিকদের সমস্যা সমাধানে হাইকমিশন নিরলস কাজ করছে, ভবিষ্যতেও করবে।
কমিউনিটি নেতা ও প্রবাসী ব্যবসায়ীরাও শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের ওপর জোর দেন। মালদ্বীপ বিএনপির সভাপতি মো. খলিলুর রহমানের মতে, শ্রমিকের ঘামেই অর্থনীতি এগোয়, অথচ নানা দেশে তারা বৈষম্য ও অনিয়মের শিকার; সময়মতো ন্যায্য মজুরি ও ভাতা পেলে তাদের পরিবারগুলো আর্থিক স্বস্তি পাবে।






