মাত্র চার মাস আগে কাজের খোঁজে মালদ্বীপে যাওয়া মেজবাহ উদ্দিন (১৯) নামের বাংলাদেশি তরুণের ঝুলন্ত মরদেহ পেয়েছে দেশটির পুলিশ। রাজধানী মালেতে বৃহস্পতিবার (২৫ জুন) রাত সাড়ে ৯টার দিকে সিট্রন বাই লেমনগ্রাস কোম্পানির স্টাফ কোয়ার্টারে মরদেহটি পাওয়া যায়, পরে তা মর্গে পাঠানো হয়।
মেজবাহ ফেনীর সোনাগাজী উপজেলার মাহাদিয়া গ্রামের মোজিবুল হকের (সুরুজ মিয়া) ছেলে। তার মৃত্যুতে মালদ্বীপপ্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোক নেমেছে।
সহকর্মী প্রবাসী কবির আহমেদ জানান, কোয়ার্টারের একটি ঘরে তারা চারজন থাকতেন; ঘটনার সময় দুজন কাজে, দুজন ছুটিতে ছিলেন। রাতের খাবার খেয়ে ফিরে এক সহকর্মী মেজবাহকে ঝুলন্ত দেখে পুলিশকে জানান।
মামা মো. জহিরুল ইসলাম (সুমন) বলেন, মেজবাহ চলতি বছরের ফেব্রুয়ারিতে মালদ্বীপে যান। পরিবারের ধারণা, ব্যক্তিগত নানা বিষয়ে সম্প্রতি তিনি মানসিক অস্থিরতায় ছিলেন; তবে মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে তারা নিশ্চিত নন, মালদ্বীপ পুলিশের তদন্ত শেষ হওয়ার আগে চূড়ান্ত কিছু বলাও সম্ভব নয়।
মালের একটি মর্গে রাখা মরদেহ দ্রুত দেশে ফেরাতে কর্তৃপক্ষের সহায়তা চেয়েছে পরিবার। বাংলাদেশ হাইকমিশন ঘটনাটিকে মর্মান্তিক ও বেদনাদায়ক বলে উল্লেখ করে জানিয়েছে, তদন্তের অগ্রগতি জানতে তারা দেশটির আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে যোগাযোগ রাখছে এবং আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পাঠাতে সমন্বয় করছে।






