অনলাইন স্ক্যাম সেন্টার চালানোর অভিযোগে নেপালের রাজধানী কাঠমান্ডুর থামেল থেকে ১৫ বাংলাদেশি ও চার ভারতীয়কে গ্রেপ্তার করেছে পুলিশ। শহরের প্রধান পর্যটন এলাকাটিতে শুক্রবার অভিযানটি চালানো হয়।
কাঠমান্ডু ভ্যালি ক্রাইম ইনভেস্টিগেশন অফিসের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিরা এক চীনা নাগরিকের চালানো স্ক্যাম সেন্টারে কাজ করতেন বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। অফিসটির মুখপাত্র ও পুলিশ সুপার রামেশ্বর কার্কি জানান, ওই চীনা নাগরিক পলাতক, তাঁর খোঁজ চলছে।
পুলিশের প্রতিবেদন বলছে, গ্রেপ্তার বাংলাদেশিদের বেশির ভাগ আগে কম্বোডিয়ায় কাজ করতেন। জিজ্ঞাসাবাদে তাঁরা জানান, কম্বোডিয়ায় পরিচয় হওয়া চীনা অপারেটররাই তাঁদের নেপালে আনে।
কার্কির ভাষ্য, চক্রটি সামাজিক যোগাযোগমাধ্যমে নারীদের আপত্তিকর ছবি পাঠিয়ে ভুক্তভোগীদের ব্ল্যাকমেল করে টাকা আদায় করত। প্রাথমিক তদন্ত বলছে, তাদের নিশানা স্থানীয় নেপালিরা নয়, মূলত বাংলাদেশি ও ভারতীয়রা।
পলাতক চীনা নাগরিক থামেলের একটি পুরো হোটেল মাসে সাত লাখ নেপালি রুপিতে ভাড়া নিয়ে কেন্দ্রটি চালাতেন বলে জানা গেছে। অভিযানে কম্পিউটার, মোবাইল ফোনসহ নানা ইলেকট্রনিক সরঞ্জাম জব্দ হয়। গ্রেপ্তার ১৯ জনকেই ইমিগ্রেশনের হাতে তুলে দেওয়া হয়েছে; পুলিশের ভাষ্য, তাঁদের বাংলাদেশে ফেরত পাঠানো হতে পারে।




