নেপালে ভারী বৃষ্টি, বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকায় ভ্রমণ নিয়ে বাংলাদেশি পর্যটকদের সতর্ক করেছে কাঠমান্ডুর বাংলাদেশ দূতাবাস। রোববার (২৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাতে নিজেদের ফেসবুক পেজে দেওয়া এক ভ্রমণ সতর্কতায় এ আহ্বান জানানো হয়।

আবহাওয়া ও সার্বিক পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত বাংলাদেশি পর্যটক ও ট্রেকারদের এসব এলাকায় সতর্ক থাকতে এবং পরিস্থিতি বুঝে ভ্রমণ এড়িয়ে চলতে বলেছে দূতাবাস। পিসাং, চামে, মানাং ও আশপাশের পর্যটনকেন্দ্রে বাড়তি সতর্কতার কথা বলা হয়েছে।

টানা বৃষ্টিতে ভূমিধস এবং তুষারপাতের কারণে বহু জায়গায় সড়ক যোগাযোগ বিঘ্নিত হয়েছে; দুর্গম ভূপ্রকৃতি ও ভেঙে পড়া যোগাযোগব্যবস্থায় উদ্ধারকাজও কঠিন হয়ে পড়েছে। কর্তৃপক্ষ এরই মধ্যে মানাংয়ের আইস লেক, তিলিচো লেক, কাং লা, ভীমথাং ও থরং লা পাসসহ কয়েকটি এলাকায় ট্রেকিং বন্ধ রেখেছে।

ভূমিধসে সড়ক ও কাছের ট্রেকিং গন্তব্যে যাতায়াতে বিঘ্ন ঘটায় পোখারা ও আশপাশেও সাবধানে চলতে বলা হয়েছে। মুস্তাং, জমসমসহ পাহাড়ি এলাকায় যাওয়ার আগে গান্দাকি প্রদেশের সড়কের অবস্থা ভালোভাবে জেনে নিতে বলেছে দূতাবাস, কারণ এসব পথে যেকোনো সময় যোগাযোগ বিঘ্নিত হতে পারে।

মানাসলু, মানাং, মুস্তাং ও অন্নপূর্ণা অঞ্চলসহ পাহাড়ি ও ভূমিধসপ্রবণ এলাকায় ট্রেকিং, পর্বতারোহণ বা ভ্রমণের পরিকল্পনার আগে সব তথ্য যাচাই করতে এবং নেপাল সরকার ও স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলতে পরামর্শ দেওয়া হয়েছে।

যারা এরই মধ্যে ঝুঁকিপূর্ণ এলাকায় আছেন, তাদের নিরাপদ জায়গায় থাকতে, নদীর তীর ও ভূমিধসের ঝুঁকিপূর্ণ স্থান এড়াতে, চলাচলের আগে সড়ক ও আবহাওয়ার খবর নিতে এবং দূতাবাস ও ট্রাভেল অপারেটরের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে বলা হয়েছে। দূতাবাস জানিয়েছে, নেপালি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে তারা পরিস্থিতি নজরে রাখছে এবং প্রয়োজনে হালনাগাদ তথ্য দেবে।