দেশে প্রথমবারের মতো একই মঞ্চে ফরাসি ও বাংলা অপেরার ফিউশন পরিবেশিত হতে যাচ্ছে। এই আয়োজনকে সামনে রেখে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১১ দিনের সাংস্কৃতিক উৎসবের ঘোষণা দিয়েছে ‘দ্য আর্টিস্ট ক্লাব লিমিটেড’। উৎসবটি আগামী ১১ থেকে ২১ নভেম্বর রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় অনুষ্ঠিত হবে।

আজ সোমবার (২৬ অক্টোবর) হোটেলটির পার্ল হলে আয়োজিত সংবাদ সম্মেলনে উৎসবের বিস্তারিত তুলে ধরেন আয়োজকেরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বর্ষপূর্তি উদযাপন কমিটির প্রধান সমন্বয়ক অধ্যাপক এ এইচ এম মুস্তাফিজুর রহমান।

তিনি জানান, তরুণ প্রজন্মের শিল্পীদের জন্য একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম গড়ে তোলার লক্ষ্য নিয়ে তিন বছর আগে যাত্রা শুরু করে দ্য আর্টিস্ট ক্লাব লিমিটেড। ২০২৫ সালে সংগঠনটি প্রাতিষ্ঠানিক নিবন্ধন পায়। এরই মধ্যে তাদের নিয়মিত আয়োজন ‘শুক্রবার সংগীত সন্ধ্যা’র ২০০টিরও বেশি পর্ব অনুষ্ঠিত হয়েছে।

তিন প্রধান কর্মসূচি

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিনটি প্রধান কর্মসূচি হাতে নিয়েছে সংগঠনটি। এর মধ্যে রয়েছে ২০ থেকে ৩৫ বছর বয়সী উদীয়মান চিত্রশিল্পীদের জন্য দেশব্যাপী চিত্রাঙ্কন প্রতিযোগিতা ‘অ্যাটেলিয়ার অ্যাওয়ার্ড: ইয়ং পেইন্টার্স অব টুমরো’।

এ ছাড়া ১১ থেকে ২০ নভেম্বর পর্যন্ত হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকার সহযোগিতায় আয়োজন করা হবে দশ দিনব্যাপী লোকজ ও নৃগোষ্ঠীর সংগীত উৎসব। এতে বাউল, ভাটিয়ালি, ভাওয়াইয়া, গম্ভীরা, লালন ও হাসন রাজার গানের পাশাপাশি মণিপুরী, চাকমা, মারমা, সাঁওতাল ও হাজং সম্প্রদায়ের শিল্পীরা সংগীত পরিবেশন করবেন।

সমাপনীতে অপেরার ফিউশন

উৎসবের সবচেয়ে বড় আকর্ষণ হতে যাচ্ছে ২১ নভেম্বরের সমাপনী আয়োজন। ওই দিন হোটেল ইন্টারকন্টিনেন্টালের গ্র্যান্ড বলরুমে সরাসরি পরিবেশিত হবে ফরাসি ও বাংলা অপেরার ফিউশন। এতে অংশ নেবেন ফরাসি অপেরা শিল্পী ভেরোনিক পেইন ও পিয়ানোবাদক ফ্যাব্রিস মেইত্রে।

আয়োজনটি ঢাকায় ফ্রান্স দূতাবাস ও রাষ্ট্রদূত জঁ-মার্ক সেঁরে-শার্লের বিশেষ কূটনৈতিক পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে ফরাসি দূতাবাসের সাংস্কৃতিক অ্যাটাশে ব্যাপ্টিস্ট লেব্রে বলেন, ঐতিহাসিক এ অপেরা আয়োজন বাস্তবায়নে দূতাবাসের সর্বাত্মক সমর্থন থাকবে। ফ্রান্স ও বাংলাদেশের দ্বিপক্ষীয় সাংস্কৃতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে ফরাসি সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি উল্লেখ করেন।

দ্য আর্টিস্ট ক্লাব লিমিটেডের সভাপতি সুজিত মোস্তফা এ আয়োজনের জন্য ফ্রান্স দূতাবাস, হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকা এবং সহ-আয়োজক ঢাকা বিশ্ববিদ্যালয় কালচারাল ফাউন্ডেশনের (ডিইউসিএফ) প্রতি কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে তরুণ শিল্পীদের বিকাশে দেশের করপোরেট প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

Source: জাগো নিউজ২৪