বলিউড অভিনেত্রী কাজলের বোন তানিশা মুখোপাধ্যায়ের বয়স ৪৮ বছর পেরিয়ে গেছে, তবে এখনো বিয়ের বন্ধনে আবদ্ধ হননি তিনি। তবু ভবিষ্যতে মা হতে চান এই অভিনেত্রী। সেই ইচ্ছা থেকেই আগেভাগে ডিম্বাণু সংরক্ষণ করিয়েছেন বলে জানিয়েছেন তিনি।
সম্প্রতি একটি পডকাস্টে কেন এমন সিদ্ধান্ত নিলেন, তা নিয়ে খোলামেলা কথা বলেছেন তানিশা। সেখানে ব্যক্তিগত জীবন, বিয়ে এবং সন্তানধারণ নিয়ে নিজের ভাবনার কথা জানান তিনি। তাঁর অবস্থান, শুধু বয়স বাড়ছে বলে কিংবা সামাজিক চাপের কারণে বিয়ে বা সন্তান নেওয়ার সিদ্ধান্তে যেতে চান না। বিয়ে ও মাতৃত্ব নিয়ে সমাজে প্রচলিত ধারণার বাইরে গিয়ে নিজের শর্তে জীবন কাটাতে চান তিনি।
বিয়ে নিয়ে তানিশার ভাবনা
তানিশার মতে, বিয়ে কেবল সামাজিক নিয়ম পালনের বিষয় নয়, বরং এটি দুজন মানুষের আত্মিক বন্ধন। তাই সমাজের চাপে পড়ে বিয়ে করা কিংবা দ্রুত সন্তান নেওয়ার পক্ষপাতী নন তিনি। জীবনে উপযুক্ত মানুষকে পাশে না পেলে শুধু বয়সের কারণে মাতৃত্বের সিদ্ধান্ত নিতেও রাজি নন এই অভিনেত্রী।
সন্তান বড় করার প্রশ্নে
সন্তান বড় করে তোলার ক্ষেত্রেও নিজের ভাবনার কথা জানিয়েছেন তানিশা। তাঁর মতে, একটি শিশুর বেড়ে ওঠায় মা ও বাবা দুজনেরই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি এমন একজন জীবনসঙ্গী চান, যিনি সন্তানের দায়িত্ব ভাগ করে নিতে প্রস্তুত থাকবেন। তেমন কাউকে না পাওয়া পর্যন্ত সন্তান নেওয়ার সিদ্ধান্তে যেতে চান না তিনি।
তবে ভবিষ্যতে তাঁর ভাবনা বদলাতেও পারে বলে জানিয়েছেন তানিশা। অর্থাৎ, মাতৃত্ব নিয়ে এখনই চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নিতে চান না তিনি।
অতীতের সম্পর্ক
২০১৩ সালে ‘বিগ বস ৭’-এ অংশ নেওয়ার সময় অরমান কোহলীর সঙ্গে তানিশার ঘনিষ্ঠতা দর্শকদের নজর কাড়ে। অনুষ্ঠান শেষ হওয়ার পরও তাঁদের সম্পর্ক নিয়ে আলোচনা চলতে থাকে। তবে ২০১৪ সালে তাঁদের বিচ্ছেদের খবর সামনে আসে। পরে তানিশা জানিয়েছিলেন, চিন্তাভাবনা ও মতের অমিল তাঁদের সম্পর্ক ভাঙার অন্যতম কারণ ছিল।
বিয়ে না করলেও ভবিষ্যতে মা হওয়ার সম্ভাবনা ধরে রাখতে আগেভাগেই ডিম্বাণু সংরক্ষণ করেছেন তানিশা। তাঁর এই সিদ্ধান্ত ব্যক্তিগত পছন্দ, মাতৃত্ব ও সামাজিক প্রত্যাশা নিয়ে আবারও আলোচনা সামনে এনেছে।
তথ্যসূত্র: জাগো নিউজ বিনোদন
Source: জাগো নিউজ২৪






