চীন-ভারত সীমান্তের উত্তেজনা, বরফঢাকা পাহাড়ে রক্তক্ষয়ী সংঘর্ষ এবং যুদ্ধের ময়দানে এক সেনার সাহসিকতার গল্প নিয়ে আলোচনায় এসেছে সালমান খান অভিনীত সিনেমা ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’। সিনেমাটির ট্রেলার প্রকাশ পেয়েছে। এতে ভারতীয় সেনা কর্মকর্তার চরিত্রে চীনা সেনাদের মুখোমুখি হতে দেখা গেছে বলিউডের এই সুপারস্টারকে। যুদ্ধের ভয়াবহতার পাশাপাশি ট্রেলারে শান্তি ও মানবিকতার বার্তাও গুরুত্ব পেয়েছে।
২০২০ সালে পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত ও চীনা সেনাদের সংঘর্ষের ঘটনা থেকে অনুপ্রেরণা নিয়ে সিনেমাটি নির্মিত হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) প্রকাশিত ৪ মিনিট ৩৫ সেকেন্ড দীর্ঘ ট্রেলারটি শুরু হয় পূর্ব লাদাখের বরফে ঢাকা পাহাড়ি এলাকার দৃশ্য দিয়ে।
ট্রেলারে ১৬ বিহার রেজিমেন্টের এক সেনা কর্মকর্তার ভূমিকায় অভিনয় করেছেন সালমান খান। তাঁর স্ত্রীর চরিত্রে রয়েছেন চিত্রাঙ্গদা সিং। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, সিনেমায় দেশের দায়িত্ব পালনের জন্য পরিবারের উদ্বেগ উপেক্ষা করে সীমান্তে যাওয়ার সিদ্ধান্ত নেন সালমানের চরিত্র। ছোট ছেলেকে বিদায় জানানোর সময় তাকে বলতে শোনা যায়, সেনারা বিদায় জানায় না, স্যালুট করে। পরিবারের প্রতি ভালোবাসা থাকলেও দেশের নিরাপত্তার দায়িত্বকে তিনি অগ্রাধিকার দেন—এই বিষয়টিই ফুটে উঠেছে ওই দৃশ্যে।
তবে পরিস্থিতি দ্রুত বদলে যায়। সংখ্যায় বেশি চীনা সেনারা ভারতীয় বাহিনীকে পিছু হটার নির্দেশ দিলে তা মানতে অস্বীকার করেন সালমান। এ সময় তাকে বলতে শোনা যায়, ‘আমরা সেনা, এমন দিনের জন্যই আমাদের তৈরি করা হয়েছে।’ এরপরই দুই পক্ষের তীব্র হাতাহাতি শুরু হয়। ট্রেলারে ‘এক বিহারি, ১০০ জনের সমান’ সংলাপটিও নজর কেড়েছে।
এর আগে সিনেমাটির বিষয়বস্তু নিয়ে ভারত-চীন সম্পর্কে সম্ভাব্য প্রভাবের আলোচনা তৈরি হয়েছিল। তবে সালমান জানিয়েছেন, এটি চীনবিরোধী কোনো সিনেমা নয়। দুই দেশের সেনা এবং তাদের পরিবারের অভিজ্ঞতা তুলে ধরাই ছবিটির উদ্দেশ্য। কোনো দেশকে নেতিবাচকভাবে উপস্থাপন করার পরিকল্পনাও নেই বলে তিনি জানান।
সিনেমাটির নাম শুরুতে ছিল ‘ব্যাটল অব গালওয়ান’। পরে তা পরিবর্তন করে রাখা হয় ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’। ভিএফএক্সের কাজ নিখুঁত করতে এবং চিত্রাঙ্গদা সিংয়ের চোটের কারণে শুটিংয়ে দেরি হয়েছে বলে সালমান জানিয়েছেন। সেন্সর বোর্ড থেকেও কোনো দৃশ্য বাদ না দিয়েই ছাড়পত্র পেয়েছে সিনেমাটি।
অপূর্ব লাখিয়ার পরিচালনায় সিনেমাটি প্রযোজনা করেছে সালমান খান ফিল্মস। আগামী ৪ ডিসেম্বর ২০২৬ প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’-এর।
Source: জাগো নিউজ২৪






