ব্যবসায়িক সংকট, ব্যাংকঋণ ও কারখানা বন্ধের খবর ঘিরে বেশ কয়েক দিন ধরেই আলোচনায় আছেন ঢালিউড অভিনেতা ও প্রযোজক অনন্ত জলিল। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁকে নিয়ে চলছে নানা আলোচনা ও সমালোচনা। এমন পরিস্থিতিতে স্বামীর পাশে দাঁড়ালেন চিত্রনায়িকা বর্ষা।

গত শুক্রবার (১৩ নভেম্বর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বর্ষা অনন্তের জন্য দোয়া ও ভালোবাসা প্রকাশ করা ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং নিজের স্বামী, সন্তানসহ পুরো পরিবারের জন্য দোয়া চেয়েছেন।

পোস্টের শুরুতে অভিনেত্রী লেখেন, ‘আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমাদের জন্য আপনাদের এত সুন্দর দোয়া, ভালোবাসা ও আন্তরিকতার জন্য মন থেকে অনেক অনেক কৃতজ্ঞতা। সত্যিই, আপনাদের এই ভালোবাসা আমাদের অনেক সাহস ও অনুপ্রেরণা দেয়।’

জীবনের উত্থান-পতনকে স্বাভাবিক বাস্তবতা উল্লেখ করে তিনি আরও লেখেন, ‘জীবনে ব্যবসা-বাণিজ্য কিংবা পরিস্থিতি সব সময় একরকম থাকে না। কখনো ভালো সময় আসে, কখনো একটু কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয়। এটাই জীবনের বাস্তবতা, আর আমরা বিশ্বাস করি, আল্লাহ যা করেন, ভালোর জন্যই করেন। তার ওপর ভরসা রেখেই সামনে এগিয়ে যেতে চাই।’

পোস্টে সবাইকে পরিবারের জন্য দোয়া করার অনুরোধ জানিয়ে বর্ষা লেখেন, ‘আপনারা সবাই আমাদের জন্য মন থেকে দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন, সবার রিজিকে বরকত দেন এবং আমাদের দেশের প্রতিটি মানুষকে শান্তিতে ও ভালোভাবে থাকার তৌফিক দান করেন।’

বিশেষ করে স্বামী, সন্তান ও পরিবারের সদস্যদের জন্য দোয়া চেয়ে অভিনেত্রী লেখেন, ‘বিশেষ করে আমার জন্য, আমার স্বামীর জন্য, আমার সন্তানদের জন্য এবং আমাদের পুরো পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের সব বিপদ-আপদ থেকে হেফাজত করেন, জীবনের প্রতিটি পদক্ষেপ সহজ করে দেন এবং আমাদের সবার মনের নেক ইচ্ছাগুলো পূরণ করেন।’

সবশেষে সবার প্রতি ভালোবাসা ও আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে বর্ষা বলেন, সবাই যেন তাঁদের দোয়ায় রাখেন।

উল্লেখ্য, অনন্ত জলিল ও বর্ষা ঢালিউডের আলোচিত তারকা দম্পতি। অভিনয়ের পাশাপাশি ব্যবসার সঙ্গেও যুক্ত অনন্ত জলিল। সম্প্রতি তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান, ব্যাংকঋণ ও কারখানার পরিস্থিতি নিয়ে বিভিন্ন খবর প্রকাশের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। এর মধ্যে অনন্তের জন্য দোয়া ও ইতিবাচক বার্তা প্রকাশকারীদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। এবার স্বামীর পাশে দাঁড়িয়ে একইভাবে সবার ভালোবাসা ও দোয়া চাইলেন বর্ষা।

Source: জাগো নিউজ২৪