‘হোক কলরব’ অ্যালবামের দুই দশক পূর্তি উপলক্ষে আয়োজিত কনসার্ট ঘিরে দর্শকদের মধ্যে ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে। টিকিট কিনেও বসার জায়গা না পাওয়া, সাউন্ড সিস্টেমের ত্রুটি ও সামগ্রিক অব্যবস্থাপনায় ক্ষুব্ধ হন অনেকে। একপর্যায়ে আয়োজকদের উদ্দেশে দুয়োধ্বনি দিতে শুরু করেন উপস্থিত দর্শকরা। এমনই এক পরিস্থিতিতে মঞ্চে এসে পরিস্থিতি সামাল দেন জনপ্রিয় সংগীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণব।

শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর পাঁচ তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকার বলরুমে অনুষ্ঠিত হয় এই বিশেষ কনসার্ট। ২০০৬ সালে প্রকাশিত অর্ণবের জনপ্রিয় অ্যালবাম ‘হোক কলরব’-এর দুই দশক পূর্তি উপলক্ষে এর আয়োজন করে টোয়েন্টিজ কমিউনিকেশনস।

কনসার্টে দর্শকদের অসন্তোষের বেশ কিছু ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, অনেকে বসার জায়গা না পেয়ে মেঝেতে বসে আছেন। কেউ কেউ দাঁড়িয়ে গান শুনছেন। অথচ জনপ্রতি ২ হাজার টাকা দিয়ে টিকিট কিনেছিলেন তারা।

দর্শকদের অভিযোগ, স্পিকার ঠিকমতো কাজ না করায় গান উপভোগ করা যাচ্ছিল না। এমনকি কোন গান পরিবেশন করা হচ্ছে, কে গান গাইছেন, সেটিও স্পষ্ট বোঝা যাচ্ছিল না। সব মিলিয়ে আয়োজনের অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন উপস্থিত দর্শকরা। একপর্যায়ে আয়োজকদের উদ্দেশে দুয়োধ্বনি দিতে শুরু করেন তারা। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া আরেকটি ভিডিওতে সেই দৃশ্য দেখা গেছে।

এদিকে কনসার্টে উপস্থিত এক সংবাদকর্মী জানিয়েছেন, অনুষ্ঠানের লাইনআপে থাকা অন্য এক শিল্পীর পরিবেশনার কারণে মূল আকর্ষণ অর্ণবের গান শোনার অপেক্ষা দীর্ঘ হচ্ছিল। এতে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে আয়োজন ভেস্তে যাওয়ার উপক্রম হয়। এমন সময় উত্তেজনা তৈরি হলে অর্ণব ও তার দল মঞ্চে উপস্থিত হয়ে দর্শকদের স্বস্তি দেন।

উল্লেখ্য, অর্ণবের পাশাপাশি এই কনসার্টে সংগীত পরিবেশনার কথা ছিল আহমেদ হাসান সানি, মাশা ইসলাম ও সুনিধি নায়েকের। বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত অনুষ্ঠানটি চলার কথা ছিল। এর আগে ২০ নভেম্বর কনসার্টটি আয়োজনের পরিকল্পনা থাকলেও অর্ণবের ব্যক্তিগত জীবনের জরুরি পরিস্থিতির কারণে তারিখ পরিবর্তন করে ২৭ নভেম্বর নির্ধারণ করা হয়।

তথ্যসূত্র: জাগো নিউজ বিনোদন

Source: জাগো নিউজ২৪