গত ১৭ বছরে গুম-খুন আর ২০২৪ সালের জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানের সময় সংঘটিত সব নৃশংসতার বিচার কোনো বিশেষ ট্রাইব্যুনালে নয়, দেশের প্রচলিত আইনেই হবে বলে জানিয়েছেন ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি। শুক্রবার (৭ আগস্ট) চট্টগ্রামে এক আলোচনা সভায় ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের এই প্রতিমন্ত্রী এ ঘোষণা দেন।
চট্টগ্রাম প্রেস ক্লাব ও চট্টগ্রাম মেট্রোপলিটান সাংবাদিক ইউনিয়ন যৌথভাবে প্রেস ক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে ‘ফ্যাসিবাদ, জুলাই বিপ্লব ও আজকের বাংলাদেশ’ শীর্ষক সভাটির আয়োজন করে।
বিগত সরকারের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ের কথা তুলে ধরে মীর হেলাল বলেন, ১৭ বছরে তাঁরা কেউ দেশ ছেড়ে পালাননি, সব নির্যাতন সয়ে রাজপথেই ছিলেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সমৃদ্ধ ও আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়তে সবাইকে একজোট হওয়ার আহ্বান জানান প্রতিমন্ত্রী। তাঁর দাবি, দীর্ঘ ফ্যাসিস্ট শাসনে অন্ধকারে ঠেলে দেওয়া তরুণদের দক্ষ জনশক্তিতে পরিণত করতে সরকার নিরলস কাজ করছে।






