ক্ষমতা কারও জন্য চিরকালের নয় মন্তব্য করে ক্ষমতাসীনদের প্রতি জনগণের অধিকার ও মর্যাদাকে সম্মান করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তার ভাষায়, আল্লাহ যাদের ক্ষমতায় সম্মানিত করেন, সময়ের পরিক্রমায় তাদের সরিয়েও দিতে পারেন।

সোমবার (১০ আগস্ট) গাইবান্ধার সাঘাটার বোনারপাড়ায় এক জনসমাবেশে তিনি এসব কথা বলেন। নিহত সাইফুল্লাহ বারী ও সালাউদ্দিনের হত্যাকারীদের বিচার চেয়ে এবং আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে সমাবেশটি ডাকা হয়।

বৃহত্তর রংপুরের মানুষকে বঞ্চিত করার অধিকার কারও নেই উল্লেখ করে তিনি হুঁশিয়ার করেন, ‘যারা বৃহত্তর রংপুরের মানুষকে বঞ্চিত করবে, তারা গণদুশমন হিসেবে বিবেচিত হবে।’

গায়ে পড়ে ঝগড়া বাধাতে না আসতেও সতর্ক করেন তিনি; তার দাবি, চাঁদাবাজি ও দখলের নেশায় যারা মানুষ হত্যা করছে, তারাই সমাজের আবর্জনা।

দেশের মানুষ চাঁদাবাজি, দখলদারি, বৈষম্য ও সন্ত্রাসমুক্ত ন্যায়ভিত্তিক সমাজ চায় বলেও মন্তব্য করেন জামায়াত আমির। অন্য বক্তারা দুই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিচার চান; জেলা জামায়াতের নায়েবে আমীর ও গাইবান্ধা সদরের সংসদ সদস্য আব্দুল করিমসহ স্থানীয় নেতাকর্মীরা সমাবেশে ছিলেন।