রাষ্ট্রপতি নির্বাচনে ভোটের পরিবেশ তৈরি করে গণতান্ত্রিক চর্চার সুস্থ ধারা ফেরাতেই প্রার্থী দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, জানিয়েছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। তার মতে, প্রতিদ্বন্দ্বী ছাড়া নির্বাচনে গণতান্ত্রিক চর্চার জায়গা থাকে না।
সোমবার (১০ আগস্ট) মনোনয়নপত্র তোলার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এর আগে জামায়াতের ১১ সদস্যের প্রতিনিধিদল ইসি সচিব আখতার আহমদের সঙ্গে বৈঠকে বসে।
আযাদ অভিযোগ করেন, রাষ্ট্র ও জনগণের সঙ্গে বিএনপি দ্বিচারিতা করছে, আর সেটিই তারা জনগণের সামনে তুলে ধরতে চান।
গণভোট বাস্তবায়িত হলে গণতন্ত্রের সঠিক প্রতিফলন দেখা যেত বলে মন্তব্য করেন আযাদ। তার দাবি, বিদ্যমান সাংবিধানিক ব্যবস্থায় সংসদ সদস্যদের স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ নেই, জুলাই সনদ বাস্তবায়িত হলে সে সুযোগ মিলত।
সাবেক মন্ত্রী কর্নেল (অব.) অলি আহমদ সম্পর্কে আযাদ বলেন, ‘অলি আহমদ এমন একজন মানুষ, যাকে নিয়ে কোনো বিতর্ক নেই।’ গণতান্ত্রিক প্রক্রিয়াকে মজবুত করতে অবাধ ও সুস্থ রাজনীতির পরিবেশ জরুরি বলেও মত দেন তিনি।
আগামী ২০ আগস্ট ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী সাবেক মন্ত্রী কর্নেল (অব.) অলি আহমদ। বিএনপিও এরই মধ্যে মনোনয়নপত্র নেওয়ায় ৩৫ বছর পর রাষ্ট্রপতি পদে ভোটাভুটির সম্ভাবনা তৈরি হয়েছে।






