বিমানবাহিনীর সাবেক প্রধান এবং চাঁদপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য এয়ার ভাইস মার্শাল (অব.) মুহাম্মদ রফিকুল ইসলাম মৃত্যুবরণ করেছেন। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা নেওয়ার সময় বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি মারা যান বলে নিশ্চিত করেছেন তার ছোট ভাই তৌফিকুল ইসলাম।

অবসরের পর রাজনীতিতে আসা রফিকুল ইসলাম আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) প্রার্থী হয়ে ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ আসনে জয়ী হন।

তার জন্ম ১৯৫২ সালের ২ ফেব্রুয়ারি, মতলব দক্ষিণ উপজেলার বাইশপুর গ্রামে। পাকিস্তান বিমানবাহিনীর সারগোদা কলেজে পড়াশোনা শেষ করে ১৯৭১ সালে কমিশন পেয়ে সামরিক জীবন শুরু করেন; ২০০১ সালের ৪ জুন বিমানবাহিনী প্রধানের দায়িত্ব নিয়ে ২০০২ সালের ৭ এপ্রিল পর্যন্ত ছিলেন।

মৃত্যুকালে তিনি রেখে গেছেন স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী। পরিবার জানিয়েছে, শুক্রবার জুমার পর ঢাকার এয়ারফোর্স মসজিদে জানাজা শেষে পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী তাকে দাফন করা হবে।