অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয় এনে দেওয়ায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। খেলোয়াড়, কোচ, কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবাইকে রোববার (১৬ আগস্ট) পাঠানো বিবৃতিতে শুভেচ্ছা জানান তিনি।

বিবৃতিতে তিনি বলেন, ‘ওয়েল ডান! বাংলাদেশ ক্রিকেট টিম।’ তার মতে, ডারউইন টেস্টের এই লাল-সবুজ বিজয় গোটা জাতির জন্য আনন্দ, গৌরব ও মর্যাদার।

শফিকুর রহমান বলেন, খেলোয়াড়দের মানসিক দৃঢ়তা, দলীয় চেতনা, সহনশীলতা ও নৈপুণ্যের জোরেই এ জয় এসেছে। কঠিন সময়েও মাঠে তারা যে ধৈর্য ও লড়াকু মনোভাব দেখিয়েছেন, তা প্রশংসার দাবি রাখে বলে মন্তব্য করেন তিনি।

কোচিং স্টাফ, বোর্ড কর্মকর্তা ও দেশ-বিদেশের কোটি ক্রিকেটপ্রেমীকে শুভেচ্ছা জানিয়ে তিনি আশা করেন, এ ধারা ধরে রেখে ক্রিকেটাররা আন্তর্জাতিক অঙ্গনে দেশের মর্যাদা আরও বাড়াবেন।

ডারউইনের মারারা স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে স্বাগতিকদের ৯ উইকেটে হারায় বাংলাদেশ, ফলে দুই ম্যাচের সিরিজে দলটি এখন ১-০ ব্যবধানে এগিয়ে। অস্ট্রেলিয়ার মাটিতে এটিই দলের প্রথম টেস্ট জয়।