দেশব্যাপী ঘোষিত লংমার্চ কর্মসূচি সফল করতে দলীয় জনশক্তি ও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সোমবার (১৭ আগস্ট) বেলা ১১টায় অনুষ্ঠিত ‘লংমার্চ’ বাস্তবায়ন কমিটির বৈঠক থেকে এ আহ্বান আসে। বৈঠকে সভাপতিত্ব করেন দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।

বৈঠকে জানানো হয়, গণভোটের রায় বাস্তবায়ন এবং বৈষম্যহীন বাংলাদেশ গঠনের লক্ষ্য সামনে রেখে ১১ দলীয় ঐক্য গত ৬ আগস্ট সারা দেশে চারটি লংমার্চের ঘোষণা দিয়েছিল। সূচি অনুযায়ী প্রথমটি হবে ঢাকা থেকে চট্টগ্রাম ৫ সেপ্টেম্বর, এরপর ঢাকা থেকে রংপুর ১৯ সেপ্টেম্বর, ঢাকা থেকে খুলনা ১০ অক্টোবর এবং সর্বশেষ ঢাকা থেকে সিলেট ২৪ অক্টোবর।

চট্টগ্রাম, রংপুর ও খুলনামুখী তিনটি লংমার্চ সড়কপথে হবে, আর সিলেটেরটি হবে রেলপথে। এরপর ১৪ নভেম্বর ঢাকায় মহাসমাবেশ হবে।

লংমার্চগুলো শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে শেষ করতে বৈঠকে আলাদা আলাদা কমিটি করে নেতাদের মধ্যে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়। সংশ্লিষ্ট এলাকার নেতাকর্মী ও দেশবাসীকে কর্মসূচিতে সর্বাত্মকভাবে অংশ নেওয়ার অনুরোধও জানানো হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, মাওলানা এ টি এম মা’ছুম, মাওলানা আবদুল হালিম, ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ ও মাওলানা মুহাম্মাদ শাহজাহান। ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল ও উত্তরের আমির মো. সেলিম উদ্দিন, সিলেট মহানগরী আমির মো. ফখরুল ইসলাম এবং ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগাসহ কেন্দ্রীয় নির্বাহী ও কর্মপরিষদের কয়েকজন সদস্যও বৈঠকে অংশ নেন।