বরিশালের গৌরনদী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হয়েছেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. জাফর ইকবাল এবং সরকারি গৌরনদী কলেজের সাবেক ভিপি কেএম আনোয়ার হোসেন বাদল। রোববার (১৬ আগস্ট) প্রকাশিত বিজ্ঞপ্তিতে সই করেন বরিশাল উত্তর জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব—দেওয়ান মো. শহিদুল্লাহ ও মিজানুর রহমান খান মুকুল।
জাফর ইকবাল ১৯৮৬ সালে এরশাদবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে ছাত্র রাজনীতিতে আসেন। ১৯৯৬-২০০১ সালে উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক, ২০০২-২০০৮ সালে টানা দুই মেয়াদে সভাপতি এবং ২০০৩-২০০৮ সালে বরিশাল জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন তিনি।
অন্যদিকে সরকারি গৌরনদী কলেজে ছাত্রদলের সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব সামলেছেন কেএম আনোয়ার হোসেন বাদল; ২০০৫ সালে তিনি কলেজের ভিপি ছিলেন।
নতুন দায়িত্ব পাওয়া দুই নেতা জানান, ছাত্র রাজনীতি শেষে তারা এত দিন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন; মাঠের অভিজ্ঞতা কাজে লাগিয়ে দলকে শৃঙ্খলাবদ্ধ ও গতিশীল করতে কাজ করবেন।






