রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করে যাওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মনোনীত রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল বলেন, ‘আমি কখনো ভাবিনি যে রাষ্ট্রপতি হবো।’ এই মনোনয়নকে দলের এবং মহান আল্লাহর অশেষ মেহেরবানি হিসেবে বর্ণনা করেন তিনি।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে রাজধানীর হেয়ার রোডের সরকারি বাসভবনে ঠাকুরগাঁও সাংবাদিক ফোরাম ঢাকার নেতারা তার সঙ্গে দেখা করতে গেলে তিনি এসব কথা বলেন।

সাক্ষাতে ফোরামের নেতারা তাকে দেশের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে অভিনন্দন জানান। এ সময় আবেগাপ্লুত হয়ে পড়েন মির্জা ফখরুল এবং রাষ্ট্রপতি পদে মনোনীত হওয়ায় আল্লাহর প্রতি শুকরিয়া জানান।

মির্জা ফখরুল বলেন, যত ব্যস্ততাই থাকুক বা যেখানেই থাকুন, মানুষের প্রয়োজনে ও এলাকার উন্নয়নে তিনি সব সময় পাশে থাকবেন। আলাপের সময় উপস্থিত সবার খোঁজখবর নিয়ে নানা পরামর্শও দেন তিনি।

সৌজন্য সাক্ষাতে ফোরামের সভাপতি মানিক মুনতাসির (বাংলাদেশ প্রতিদিন), সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন (সমকাল), বাসসের প্রধান বার্তা সম্পাদক মানিকুল আজাদ ও সহসভাপতি মাহবুব আলম রাজ (স্টার টিভি) উপস্থিত ছিলেন। ফোরামের উপদেষ্টা সিনিয়র সাংবাদিক মশিউর রহমান ও প্রথম আলোর তুহিন সাইফুল্লাহসহ সংগঠনের অন্য নেতা ও সদস্যরাও এ সময় ছিলেন।