লিভার ক্যানসারে দীর্ঘদিন ভুগে মারা গেছেন এসএম জাকির হোসেন (৫১), যিনি বরিশালের গৌরনদী পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন। দুই সপ্তাহ আগে ৪ আগস্ট ফেসবুকে তিনি লিখেছিলেন, ‘জীবনের গল্প বাকি আছে অল্প’।

সোমবার (১৭ আগস্ট) বাড়িতে অবস্থার অবনতি হলে তাকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, সেখানেই তিনি মারা যান। পরিবার ও দলের পাশাপাশি তথ্যমন্ত্রীর ব্যক্তিগত সহায়তায় দেশে-বিদেশে তার চিকিৎসা চলছিল বলে জানান বিএনপির গৌরনদী উপজেলা কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু।

ওই দিন আছরের পর উপজেলা পরিষদ চত্বরে জানাজা শেষে টিকাসার গ্রামে পারিবারিক কবরস্থানে তিনি সমাহিত হন। বিভিন্ন দলের নেতাদের সঙ্গে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপিও শোক জানিয়েছেন।