বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে সদ্য যুক্ত হওয়া চার নেতা মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ হয়।
সাক্ষাৎ করা নেতারা হলেন আমান উল্লাহ আমান, রুহুল কবির রিজভী, ইসমাইল জবিহউল্লাহ ও ফরহাদ হালিম ডোনার। এ সময় স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদও উপস্থিত ছিলেন। এর আগে সকালে শেরেবাংলা নগরে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান তারা।
দলের চেয়ারম্যান তারেক রহমান গত ১৫ আগস্ট এই চারজনকে স্থায়ী কমিটির সদস্য মনোনীত করেন। বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাংগঠনিক গতিশীলতা বাড়ানো এবং দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাদের এ দায়িত্ব দেওয়া হয়েছে। দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে মেধা ও বিচক্ষণতা দিয়ে তারা দল ও জনগণের স্বার্থে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে অবদান রাখবেন বলে আশা প্রকাশ করে বিএনপি।
বিএনপির সর্বশেষ জাতীয় কাউন্সিল হয়েছিল ২০১৬ সালের ১৯ মার্চ, এর পরই স্থায়ী কমিটি পুনর্গঠিত হয়। পরে মৃত্যু, পদত্যাগসহ নানা কারণে কয়েকটি পদ শূন্য হলে বিভিন্ন সময়ে নতুন সদস্য নেওয়া হয়; এবার একসঙ্গে যুক্ত হলেন চারজন।
১৯ সদস্যের এই কমিটিতে আগে থেকে ১৩ জন ছিলেন। তাদের মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী করা হয়েছে এবং তিনি এরই মধ্যে দলীয় পদ ছেড়েছেন। নতুন চারজন যুক্ত হওয়ায় কমিটির বর্তমান সদস্যসংখ্যা এখন ১৬।






