সাংবাদিক মারুফ কামাল খানের লেখা ‘রাজনীতির সদরে-অন্দরে’ বইটি কালের গণ্ডি পেরিয়ে টিকে থাকবে বলে মনে করেন নজরুল ইসলাম খান। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বর্তমানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার দায়িত্বে আছেন। বইটির প্রকাশনা উপলক্ষে মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
নজরুল ইসলাম খান বলেন, দেশের রাজনীতি পুনর্গঠন ও শক্তিশালী করায় অবদান রাখা অনেক রাজনীতিককে মানুষ সময়ের সঙ্গে প্রায় ভুলতে বসেছে, লেখক বইয়ে তাদের আবার সামনে এনেছেন। এ কারণেই তার মন্তব্য, ‘আমার ধারণা, এ বইটা কালোত্তীর্ণ হবে ইনশাআল্লাহ।’
তার মতে, যাদের ভুলে যাওয়া হয়েছিল বা ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছিল, লেখক হিসেবে মারুফ কামাল খান তাদের তুলে ধরেছেন। সাংবাদিকতার অভিজ্ঞতা আর সচেতন রাজনৈতিক কর্মীর অনুভূতি মিলিয়ে বইটি লেখা হয়েছে বলে উল্লেখ করে তিনি জানান, বইটি তিনি পড়েছেন এবং শিগগির আবার পড়তে চান।
বইটিতে আগে অজানা অনেক তথ্য পেয়েছেন বলেও জানান বিএনপির এই নেতা। উদাহরণ হিসেবে তিনি শেখ মুজিব ও হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে নিয়ে একটি ঘটনার কথা বলেন। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানী নিজের দুটি কুকুরের নাম রেখেছিলেন ফিল্ড মার্শাল ও ইন্দিরা—বইয়ের এমন তথ্যও তুলে ধরেন তিনি।
নজরুল ইসলাম খানের মন্তব্য, সাধারণ মানুষ উদীয়মান সূর্যের পূজা করে; খ্যাতিমান ও জনপ্রিয়দের নিয়ে কথা বলা সহজ। কিন্তু যারা পিছিয়ে পড়েছেন বা প্রত্যাখ্যাত হয়েছেন, তাদেরও যোগ্যতা, ইতিহাস ও অবদান তুলে ধরে লেখক প্রমাণ করেছেন তিনি সাধারণ নন, অসাধারণ।
অনুষ্ঠানে বক্তব্য দেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী ও তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। এ ছাড়া সাবেক তথ্যমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ ও সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, যুগান্তর সম্পাদক আবদুল হাই শিকদার ও প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলীসহ পেশাজীবী ও সাহিত্যিকেরা বক্তৃতা করেন।






