ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানের ওপর হামলার নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত শাস্তি দাবি করেছেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম। দলের সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের সই করা বিজ্ঞপ্তিতে মঙ্গলবার (১৮ আগস্ট) এ প্রতিক্রিয়া জানানো হয়।
বিজ্ঞপ্তিতে তিনি বলেন, রোগীর জীবন বাঁচাতে নিয়োজিত একজন চিকিৎসকের কর্মস্থলের সামনে প্রকাশ্যে হামলা উদ্বেগজনক। তার মতে, এ আঘাত কেবল একজন ব্যক্তির ওপর নয়, পুরো স্বাস্থ্যসেবা ও চিকিৎসকদের নিরাপত্তার ওপর।
ডা. রফিকুল ইসলাম বলেন, দেশের শীর্ষ চিকিৎসা প্রতিষ্ঠানে একজন বিভাগীয় প্রধানকে তার চেম্বারের সামনে আক্রমণ করা মেনে নেওয়ার মতো নয়। এমন ঘটনা চিকিৎসকদের নিরাপত্তাহীন করে তোলে, যার ক্ষতি শেষ পর্যন্ত রোগীদেরই বইতে হয়।
হামলাকারীদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক সাজা নিশ্চিত করার দাবি জানান তিনি। ডা. মো. আসাদুর রহমানের নিরাপত্তা এবং সব চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে কর্তৃপক্ষের প্রতিও আহ্বান জানান বিএনপির এই নেতা।






