মিন্টো রোডের সরকারি বাসভবন ছেড়ে রোববার (২৩ আগস্ট) বঙ্গভবনে উঠছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওইদিন সকাল ১০টা ৫০ মিনিটে বাসভবন থেকে তার রওনা হওয়ার কথা।
বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের চৌকস একটি দল নতুন রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেবে বলে তার কার্যালয় জানিয়েছে।
দীর্ঘ ৩৫ বছর পর জাতীয় সংসদে সরাসরি ভোটে গত ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল। সেদিন বিকেলে ভোট গণনা শেষে তাকে জয়ী ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।
এরপর শুক্রবার (২১ আগস্ট) বঙ্গভবনের দরবার হলে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন তিনি; শপথ পড়ান জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। পরদিন শনিবার (২২ আগস্ট) সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি।






