রংপুরে এক সাবেক স্কুলশিক্ষক ও তার পরিবারের সদস্যদের হত্যাসহ সাম্প্রতিক কয়েকটি অপরাধের উল্লেখ করে দেশের আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীকে এর দায় নিতে হবে।’
পোস্টে তিনি জানান, রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী, স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, ছেলে প্রীয়ম চক্রবর্তী ও মেয়ে আগামী চক্রবর্তীর লাশ আগের রাতে নগরীর মাছুয়াপাড়ার একটি বাসা থেকে উদ্ধার করা হয়; তাদের শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে জানা গেছে। পুরো পরিবারকে এভাবে নৃশংসভাবে হত্যার ঘটনাকে তিনি অত্যন্ত নিন্দনীয়, বেদনাদায়ক ও লোমহর্ষক বলে উল্লেখ করেন।
শফিকুর রহমান লেখেন, সম্প্রতি খুনোখুনি ও সন্ত্রাসী তৎপরতাসহ সামাজিক অপরাধ ভয়াবহ রূপ নিয়েছে; ঢাকায় এক চিকিৎসকের কাছে ডলারে চাঁদা চেয়ে পরে হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করা হয়েছে, ময়মনসিংহে এক পশুচিকিৎসকও একইভাবে চাঁদা দাবির পর হামলার শিকার হয়েছেন। তার মতে, এসব ঘটনায় আইনশৃঙ্খলার মারাত্মক অবনতি স্পষ্ট, জনগণ উদ্বিগ্ন এবং তারা সমাধান চায়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্লিপ্ততা মানুষকে শঙ্কিত করছে বলে মন্তব্য করে জামায়াত আমির রংপুরের ঘটনায় জড়িতদের দ্রুত খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান। তার মতে, একের পর এক অপরাধ ঘটলেও ভুক্তভোগীরা ন্যায়বিচার পাচ্ছেন না, আর বিচারের দীর্ঘসূত্রতা জনগণকে হতাশ করছে।
সরকারের ব্যর্থতার দিকে তাকিয়ে না থেকে নিজেদের মধ্যে সামাজিক সচেতনতা গড়ে তোলা এবং সরকারকে ব্যর্থতা কাটিয়ে উঠতে বাধ্য করার আহ্বান জানিয়ে পোস্টটি শেষ করেন তিনি।






