মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন সোমবার (২৪ আগস্ট) সকালে সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় পানি ও বর্জ্য ব্যবস্থাপনা, নবায়নযোগ্য জ্বালানি এবং কৃষি কোল্ড স্টোরেজের মতো খাতে যুক্তরাষ্ট্রের অভিজ্ঞতা ও প্রযুক্তিজ্ঞান কাজে লাগানোর আগ্রহের কথা জানান মন্ত্রী।
তার মতে, দুই দেশের সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময় বাড়লে বাংলাদেশের উন্নয়নকাজ আরও টেকসই ও কার্যকর হবে।
মঈন খান বলেন, তারা জনগণের সরকার এবং জনগণের ক্ষমতায় বিশ্বাস করেন। অর্থনৈতিক সমৃদ্ধি, স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে শক্তিশালী করা এবং কার্যকর বর্জ্য ব্যবস্থাপনাকে সরকার বিশেষ অগ্রাধিকার দিচ্ছে বলে জানান তিনি।
নতুন দায়িত্বের জন্য মন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বলেন, এ মন্ত্রণালয়ের কাজ সাধারণ মানুষের জীবনমানের সঙ্গে সরাসরি জড়িত; এ খাতে সহযোগিতা চালিয়ে যেতে চায় যুক্তরাষ্ট্র।
একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, প্রধানমন্ত্রীও বর্জ্য ব্যবস্থাপনায় বিশেষ জোর দিচ্ছেন, তাই এ খাতে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানো দরকার। দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্ব স্থানীয় সরকার খাতেও নতুন সম্ভাবনা খুলবে এবং সহযোগিতা আরও গভীর হবে বলে আশা প্রকাশ করে উভয় পক্ষ।
সাক্ষাতে মন্ত্রণালয়ের দুই সচিব মো. শহীদুল হাসান (স্থানীয় সরকার বিভাগ) ও রফিকুল ই মোহামেদ (পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ) এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।






