ঢাকা মেডিকেল কলেজ এলাকা মাদক সেবন ও কেনাবেচার কেন্দ্র হয়ে উঠেছে বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি মাওলানা কে এম শরীয়তুল্লাহ। তার মন্তব্য, এলাকাটিকে মাঝেমধ্যে ‘গাঁজাখোর জোন’ মনে হয়।
সোমবার (২৪ আগস্ট) রাজধানীর আনন্দবাজারে দলের শাহবাগ থানার তৃণমূল দায়িত্বশীলদের মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। সভাপতিত্ব করেন থানা সভাপতি হাজি আবদুর রহমান।
শরীয়তুল্লাহ বলেন, প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করলেও রাজধানীর প্রাণকেন্দ্রেই মাদক কারবারিরা নিরাপদ আশ্রয় গড়েছে। দেশজুড়ে মানুষের আস্থার এই হাসপাতালের আশপাশেই গাঁজা-ইয়াবাসহ সব ধরনের মাদকের সেবন ও লেনদেন চলছে দাবি করে কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
আধুনিক যুগেও দেশের মানুষকে চিকিৎসার জন্য বিদেশে যেতে হওয়াকে লজ্জাজনক বলে উল্লেখ করেন তিনি। দেশের প্রতিটি মেডিকেল আধুনিকায়নের দাবি জানিয়ে তিনি বলেন, চিকিৎসাব্যবস্থায় আমূল পরিবর্তন ছাড়া মানুষের মৌলিক অধিকার রক্ষা সম্ভব নয়।
সভায় বিশেষ অতিথি ছিলেন দলের নগর সাংগঠনিক সম্পাদক মাওলানা নজরুল ইসলাম খোকন। সঞ্চালনা করেন থানা সেক্রেটারি হাজি কামরুল ইসলাম সুমন; শাহবাগ থানার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।






