জামায়াতে ইসলামী একদিন বাংলাদেশ পরিচালনা করবে বলে আশা প্রকাশ করেছেন ড. এএইচএম হামিদুর রহমান আযাদ। দলের এই সহকারী সেক্রেটারি জেনারেলের দাবি, জনসমর্থন দেখে ঈর্ষান্বিত হয়ে অতীতের মতো অনেকে দলের বিরুদ্ধে সক্রিয় হয়েছে, তবে কোনো ষড়যন্ত্রেই জামায়াতের এগিয়ে চলা থামবে না।

বুধবার (২৬ আগস্ট) ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের কাউন্সিল হলরুমে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারিদের নিয়ে দিনব্যাপী শিক্ষাশিবিরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিচ্ছিলেন তিনি।

আযাদ বলেন, বিপুল জনসমর্থন নিয়ে জামায়াত সংসদে ও রাজপথে মানুষের অধিকার আদায়ের লড়াই করছে। আদর্শিক দল হিসেবে জামায়াত নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক পথে চলছে এবং দেশ ও জাতির স্বার্থবিরোধী কোনো বিষয়ে আপস করেনি, ভবিষ্যতেও করবে না বলে দাবি করেন তিনি।

সংসদে বিরোধী দল হিসেবে জামায়াত জনগণের দাবি তুলে ধরার চেষ্টা করছে উল্লেখ করে তিনি বলেন, সরকার সেসব দাবি উপেক্ষা করলে রাজপথের আন্দোলনে তা আদায় করা হবে। জনগণের সঙ্গে সম্পর্ক মজবুত করে দল তৃণমূলকে শক্তিশালী করছে বলেও জানান তিনি।

উপস্থিত ওয়ার্ড নেতাদের প্রতি আযাদের আহ্বান, আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত লংমার্চে অতীতের মতো ভূমিকা রেখে দেশবাসীর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

শিক্ষাশিবিরে সভাপতিত্ব করেন ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের আমির ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল এমপি। কেন্দ্রীয় নির্বাহী পরিষদের আরেক সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ ছিলেন বিশেষ অতিথি।