সিরাজগঞ্জে মানববন্ধনে বক্তব্য দেওয়ার পর ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ায় পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মিন্টু শেখকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা বিএনপি।
শহরের মতি সাহেবের ঘাটে বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে পৌর মেয়র প্রার্থী হাজী আব্দুস সাত্তারকে ঘিরে অপপ্রচারের প্রতিবাদে ওই মানববন্ধন হয়েছিল।
নোটিশে বলা হয়েছে, দলের দায়িত্বশীল পদে থেকে গণঅভ্যুত্থানে পতিত ও নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের স্লোগান দেওয়ায় কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, তা তিন দিনের মধ্যে জেলা সভাপতি ও সাধারণ সম্পাদককে লিখিতভাবে জানাতে বলা হয়েছে।
জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ জানান, স্লোগানটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর জেলা সভাপতি ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ এবং সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর অনুমোদনে নোটিশটি দেওয়া হয়।






