আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় (১৫ পারা) বিশ্বজয়ী পটুয়াখালীর বাউফলের হাফেজ জাকারিয়াকে সংবর্ধনা দিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা ও পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। বাউফল উপজেলা পরিষদের কনফারেন্স রুমে শনিবার (২৯ আগস্ট) দুপুর ১২টায় অনুষ্ঠানটি হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাউফলের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ। আলোচনা শেষে প্রধান অতিথি জাকারিয়ার মাথায় সম্মাননা টুপি পরান এবং ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও নগদ ৫০ হাজার টাকা উপহার দেন।

প্রধান অতিথির বক্তব্যে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, বিশ্বের ১৩৩টি দেশের প্রতিযোগীকে পেছনে ফেলে হাফেজ জাকারিয়া নিজের পরিবার বা বাউফলের নয়, গোটা দেশের মুখ বিশ্বমঞ্চে উজ্জ্বল করেছেন, যা বাউফলবাসীর জন্য গর্ব ও আনন্দের।

তিনি বলেন, সঠিক দিকনির্দেশনা আর সুযোগ পেলে গ্রামবাংলার সন্তানরাও বিশ্ব জয় করতে পারে—জাকারিয়া তা দেখিয়ে দিয়েছেন। নতুন প্রজন্মের শিক্ষার্থী ও হাফেজদের কাছে এ সাফল্য ‘অনুপ্রেরণার বাতিঘর’ হয়ে থাকবে বলেও মন্তব্য করেন তিনি। কোরআনের আলো ও নৈতিক শিক্ষায় আলোকিত সমাজ গড়তে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে একযোগে কাজ করতে হবে বলে জানান তিনি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম, বাউফলের সহকারী কমিশনার (ভূমি) সোহাগ মিলু ও উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম। সব বক্তাই জাকারিয়ার প্রশংসা করেন এবং তার সুন্দর ভবিষ্যৎ কামনা করেন।